সারাবিশ্ব

ইরানকে কড়া বার্তা সৌদি আরবের, হামলার জবাব দিতে প্রস্তুত রিয়াদ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১০:৫৭ এএম

ইরানকে কড়া বার্তা সৌদি আরবের, হামলার জবাব দিতে প্রস্তুত রিয়াদ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানকে কড়া বার্তা দিয়েছে সৌদি আরব। দেশটির মন্ত্রিসভা জানিয়েছে, ইরানের সম্ভাব্য যেকোনো হামলার জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দেশের নিরাপত্তা এবং নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে সৌদি আরব প্রস্তুত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, দেশটির মন্ত্রিসভা জোর দিয়ে উল্লেখ করেছে যে, ইরানের সম্ভাব্য হামলার জবাবে মিত্র দেশগুলো যদি কোনো সামরিক বা কৌশলগত পদক্ষেপ নেয়, তাহলে তাদের সমর্থনে সৌদি আরব নিজেদের সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত থাকবে।

মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে পুনরায় অবস্থান স্পষ্ট করে সৌদি সরকার জানায়, দেশের নিরাপত্তা রক্ষা এবং সৌদি ভূখণ্ড, নাগরিক ও সেখানে বসবাসরত বিদেশি বাসিন্দাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ওই মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সৌদি আরবের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।