সারাবিশ্ব

বোরকা পরে পার্লামেন্টে প্রবেশ, অস্ট্রেলিয়ার সেই সিনেটর পলিন হ্যানসন বরখাস্ত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম

বোরকা পরে পার্লামেন্টে প্রবেশ, অস্ট্রেলিয়ার সেই সিনেটর পলিন হ্যানসন বরখাস্ত
পলিন হ্যানসন। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ডানপন্থি রাজনীতিক ও ‘ওয়ান নেশন’ দলের সিনেটর পলিন হ্যানসনকে সাত কার্যদিবসের জন্য বরখাস্ত করেছে সিনেট। সোমবার (২৪ নভেম্বর) তিনি বোরকা পরে সিনেটে প্রবেশ করেন, জনসমক্ষে বোরকা নিষিদ্ধ করার দাবিকে জোরদার করতে।

হ্যানসনের এই আচরণকে ক্ষমতাসীন লেবার সরকারের সিনেটর এবং মুসলিম আইনপ্রণেতারা ‘বিদ্বেষমূলক’ ও ‘বর্ণবাদী’ হিসেবে নিন্দা জানিয়েছেন। হ্যানসন বোরকা–নিষিদ্ধকরণ বিল উত্থাপনের অনুমতি না পাওয়ার পর সংসদে বোরকা পরে প্রবেশ করেন। মুসলিম আইনপ্রণেতারা এটিকে ‘বর্ণবাদী নাটক’ আখ্যা দিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং সিনেটে বলেন, “সিনেটর হ্যানসনের ঘৃণামূলক ও তুচ্ছ প্রদর্শন আমাদের সামাজিক বন্ধনকে ক্ষুণ্ণ করছে এবং দেশকে দুর্বল করছে। প্রায় ১০ লাখ অস্ট্রেলীয় মুসলিমের ধর্মকে তিনি উপহাস করেছেন।”

সিনেটে ৫৫-৫ ভোটে তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস হয়।

উল্লেখ্য, হ্যানসন ডানপন্থি জাতীয়তাবাদী বক্তব্য এবং অভিবাসনবিরোধী অবস্থানের জন্য পরিচিত। মে মাসের সাধারণ নির্বাচনে ‘ওয়ান নেশন’ দলটি সিনেটে চারটি আসন অর্জন করেছে এবং জনমত জরিপে হ্যানসনের জনপ্রিয়তাও বাড়ছে।

হ্যানসন সাংবাদিকদের বলেন, তিনি বোরকা নিয়ে নিজের অবস্থান থেকে সরে আসবেন না। তার যুক্তি, “সংসদে পোশাকবিধি নেই। ব্যাংকে হেলমেট খুলতে হয়, কিন্তু বোরকা নিয়ে আলাদা নিয়ম কেন?” তিনি আরও বলেন, “আমি আমার অবস্থানে অটল থাকব; জনগণই আমাকে বিচার করবে।”

কুইন্সল্যান্ডের এই সিনেটর ১৯৯০-এর দশকে এশীয় অভিবাসন ও আশ্রয়প্রার্থী বিরোধী বক্তব্যের মাধ্যমে পরিচিত হন। ইসলামি পোশাকবিরোধী প্রচারণা তিনি বহু বছর ধরে চালিয়ে আসছেন। এটি হ্যানসনের সিনেটে বোরকা পরার দ্বিতীয় ঘটনা; ২০১৭ সালে তিনি একই কায়দায় সংসদে ঢুকে জাতীয়ভাবে বোরকা নিষিদ্ধ করার দাবি করেছিলেন।