সারাবিশ্ব
ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
পাশাপাশি তিনি ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েল নতুন করে তেহরানে বড় ধরনের সামরিক হামলা চালাতে প্রস্তুত রয়েছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত রোববার (২৭ জুলাই) দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনের সময় এসব বক্তব্য দেন প্রতিরক্ষামন্ত্রী কাটজ। তিনি বলেন, "আমি স্বৈরাচারী খামেনিকে একটি সুস্পষ্ট বার্তা দিতে চাই—আপনি যদি ইসরায়েলকে হুমকি দিতে থাকেন, তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে।"
তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এইবার আগের চেয়ে বেশি শক্তি নিয়ে হামলা চালানো হবে এবং সরাসরি আপনাকেও লক্ষ্যবস্তু করা হবে।”
তবে ইসরায়েলের এই প্রকাশ্য হুমকির জবাবে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান সরকার।
এর আগে, চলতি বছরের ১৩ জুন ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোর ওপর বড় ধরনের সমন্বিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। টানা ১২ দিন ধরে চলা এই সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, সেনা কমান্ডার, পরমাণু বিজ্ঞানীসহ প্রায় ৭০০ জনের বেশি মানুষ নিহত হন বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়।
উল্লেখযোগ্যভাবে, ওই সময় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাতেও হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে পারমাণবিক কার্যক্রমে বড় ধরনের ধাক্কা খায় দেশটি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন এই রূপ ইরান-ইসরায়েল সংঘাতকে আরও ঘনীভূত করতে পারে। পরিস্থিতির লাগাম টেনে ধরতে ব্যর্থ হলে তা গোটা অঞ্চলে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করতে পারে।