সারাবিশ্ব
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ১১৯ ফিলিস্তিনি নিহত
গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে একদিনেই প্রাণ হারিয়েছেন আরও অন্তত ১১৯ ফিলিস্তিনি। নিহতদের অনেকেই খাদ্য ও মানবিক সহায়তা সংগ্রহের সময় হামলার শিকার হন।
রোববার (৩ আগস্ট) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, চলমান সংঘাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩৯ জনে।
সাম্প্রতিক ২৪ ঘণ্টায় গাজায় ১১৯ জনের মরদেহ হাসপাতালে পৌঁছেছে, আহত হয়েছেন আরও অন্তত ৮৬৬ জন। একইসঙ্গে, ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে থাকা বহু মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এছাড়া, নতুন করে ২৯০টি মরদেহ শনাক্ত করে নিহতের তালিকায় যুক্ত করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুধু সহায়তা নিতে গিয়ে গত একদিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৬৫ জন এবং আহত হয়েছেন ৫১১ জনের বেশি। এভাবে চলতি বছরের ২৭ মে থেকে এ পর্যন্ত খাদ্য ও চিকিৎসা সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন মোট ১,৪৮৭ জন, আহত হয়েছেন ১০,৫৭৮ জনেরও বেশি।
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে হামলা শুরু হয়। এই সময়ের মধ্যে নিহত হয়েছেন আরও ৯,৩৫০ জন এবং আহত হয়েছেন ৩৭,৫৪৭ জন ফিলিস্তিনি।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়া, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।