সারাবিশ্ব
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান
ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে একাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। হামলার পর দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টার দিকে হামলাটি চালানো হলেও কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। হামলার পর উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
পরে এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। পরিস্থিতির প্রেক্ষিতে দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিকদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়েছে সরকার।
ইরানের একটি সংবাদ সংস্থার বরাতে প্রকাশিত বিবৃতিতে দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেন, বৈরুতে হামলা এবং দক্ষিণ লেবাননে সামরিক অভিযান সম্প্রসারণের মাধ্যমে ইসরায়েল সব সীমা অতিক্রম করেছে।
এদিকে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইরানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মোহসিন রেজায়ি বলেন, লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন ও আগ্রাসনের বিরুদ্ধে তেহরান আগেই সতর্ক করেছিল। সেই আগ্রাসনের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এটি কেবল একটি সতর্কবার্তা। এ বার্তা উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও কঠোর জবাব দেওয়া হবে এবং এর জন্য আগ্রাসনকারীদের বড় মূল্য দিতে হবে।
গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এটিই প্রথম সরাসরি হামলা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।