সারাবিশ্ব

ট্রাম্পের মাথার জন্য ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৮:৪০ পিএম

ট্রাম্পের মাথার জন্য ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য প্রায় ১০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করেছে ইরাকভিত্তিক ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ। সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট মনিটর’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যে ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে সক্ষম হবে, তাকে এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। সংগঠনটির এক বিবৃতিতে জানানো হয়েছে, দলীয় সদস্য ও সমর্থকদের অনুদান থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। এমনকি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের নির্দেশে এ কাজ করা হলেও পুরস্কার প্রযোজ্য থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিজ্ঞানী ও শিশু হত্যার সঙ্গে জড়িতদের বিশ্ববাসী কখনো শান্তিতে থাকতে দেবে না। স্বৈরশাসকদের পতন অনিবার্য বলেও মন্তব্য করা হয়। সংগঠনটি প্রতিশোধ গ্রহণকে ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ হিসেবে উল্লেখ করে জানায়, শহীদদের রক্ত একদিন অত্যাচারীদের পতন ঘটাবে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের আরেক সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন, ২০২০ সালে ইরানের সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যায় তার ভূমিকা ছিল। এই বক্তব্যের পরই ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে এ ঘোষণা দেয়।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে একাধিক হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানে টানা কয়েক রাত ধরে অভিযান চালানো হচ্ছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দেশটির সামরিক সক্ষমতা দুর্বল করতে এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, হামলা অব্যাহত থাকলে তারা পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হবে।

শুক্রবারের হামলার পর ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র যদি আগ্রাসন বন্ধ না করে, তাহলে শুধু পাল্টা হামলা নয়, বরং পূর্ণাঙ্গ যুদ্ধে নামবে ইরান। এতে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে।