সারাবিশ্ব
সহিংস বিক্ষোভে প্রাণহানি: ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
দেশজুড়ে চলমান বিক্ষোভ ঘিরে একাধিক সহিংস ঘটনায় প্রাণহানির পর ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এই শোক কর্মসূচির ঘোষণা দেয় দেশটির সরকার।
প্রেসিডেন্টের দফতরের বরাতে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা এই শোক পালন করছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ আন্দোলনের প্রেক্ষাপটে যেসব মানুষ প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণেই জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
সরকারি বিবৃতিতে দাবি করা হয়, সাম্প্রতিক সহিংসতায় দায়েশ (আইএসআইএল বা আইএসআইএস)-এর মতো বর্বর কায়দায় সাধারণ মানুষ, বাসিজ স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব হামলায় বহু মানুষ নিহত হওয়ায় ঘটনাগুলোকে নজিরবিহীন সহিংসতা হিসেবে উল্লেখ করেছে সরকার।
এতে আরও বলা হয়, এই সহিংস কর্মকাণ্ডের সঙ্গে যুক্তরাষ্ট্র-সমর্থিত গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে বলে ইরানের অভিযোগ। পাশাপাশি সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা এবং দেশজুড়ে জনশৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তেহরান।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ‘রাজতন্ত্রপন্থি সহিংস দাঙ্গাকারীরা’ ইরানের বিভিন্ন শহরে সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুর চালিয়েছে। এসব ঘটনায় সাধারণ নাগরিকের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিহত ও আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দাঙ্গাকারীরা সড়ক অবরোধ, প্রশাসনিক ভবন ও পুলিশ স্টেশনে হামলা চালানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যকে আহত করেছে। সহিংসতা দমনে সরকার কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে।