সারাবিশ্ব
হোয়াইট হাউসের কাছে গুলি, পাল্টা গুলিতে নিহত বন্দুকধারী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস–এর কাছে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় নিরাপত্তা চৌকিতে এক বন্দুকধারীর সঙ্গে সিক্রেট সার্ভিস সদস্যদের বন্দুকযুদ্ধ হয়। পাল্টা গুলিতে নিহত হয়েছেন হামলাকারী। এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। সিবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পর ১৭ নম্বর স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ সংলগ্ন নিরাপত্তা চৌকির দিকে সন্দেহভাজন ব্যক্তি এগিয়ে আসে। পরে ব্যাগ থেকে অস্ত্র বের করে দায়িত্বরত কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালায় সে। সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালায় সিক্রেট সার্ভিস সদস্যরা।
গুলিবিদ্ধ অবস্থায় হামলাকারীকে উদ্ধার করে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতাল–এ নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত পথচারীকেও চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরে অবস্থান করছিলেন। তবে তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গুলির শব্দ শোনার পর হোয়াইট হাউসের নর্থ লনে থাকা সাংবাদিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় নিরাপত্তাকর্মীরা। এ সময় সিক্রেট সার্ভিস সদস্যদের “গুলি চলছে, নিচু হোন” বলে সতর্ক করতে শোনা যায়।
এ ঘটনায় তদন্তে সহায়তা করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সংস্থাটির পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ওয়াশিংটনের একটি হোটেলে ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনার এক মাসেরও কম সময়ের মধ্যে এটি তৃতীয় বড় নিরাপত্তা ঘটনা।