সারাবিশ্ব
মালয়েশিয়ার মাটিতে কোনো ইসরায়েলি নাগরিকের ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্পষ্ট করে জানিয়েছেন, দেশটিতে কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার করা হবে। জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক অবস্থানের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। তাই কোনো ইসরায়েলি নাগরিক দেশের ভেতরে শনাক্ত হলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
জোহর রাজ্যের আলোচিত ‘ফরেস্ট সিটি’ প্রকল্পে দ্বৈত নাগরিকত্ব ব্যবহার করে কয়েকজন ইসরায়েলি নাগরিক অবস্থান করছেন—এমন অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ফেডারেল কর্তৃপক্ষ।
এ ঘটনায় আলোচনায় এসেছে সাবেক কয়েনবেস নির্বাহী বালাজি শ্রীনিবাসনের প্রতিষ্ঠিত একটি স্টার্টআপ এবং ডিজিটাল নোম্যাডদের জন্য গড়ে তোলা কো-লিভিং কমিউনিটি ‘নেটওয়ার্ক স্কুল’। একটি অনলাইন প্রচারণামূলক ভিডিও প্রকাশের পর বিষয়টি সামনে আসে। এতে মালয়েশিয়ার আইন লঙ্ঘন করে ভিন্ন পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েলিদের প্রবেশের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের দাবি জানায় জোহর রাজ্য সরকার।
এদিকে অভিবাসন বিভাগ ইতোমধ্যে ওই এলাকায় ৪০টি দেশের ২৬৬ জন বিদেশি নাগরিকের নথিপত্র যাচাই করেছে। মালয়েশিয়ার সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে কেউ প্রবেশ করেছে কি না, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়া সংশ্লিষ্ট প্রকল্পটির লাইসেন্স এবং ভূমি ব্যবহারের বিষয়টিও তদন্তের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।