সারাবিশ্ব
মার্কিন কংগ্রেসে জয়ী আফগান বংশোদ্ভূত আয়েশা
ক্যালিফোর্নিয়ার সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য এরিক সোয়ালওয়েলের ছেড়ে দেওয়া আসনে অনুষ্ঠিত বিশেষ নির্বাচনে জয় পেয়েছেন রাজ্য সিনেটর আয়েশা ওয়াহাব। এই জয়ের মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান সদস্য হতে যাচ্ছেন।
ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য আইনসভায় দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে কাজ করে আসা আয়েশা নির্বাচনের শেষ সপ্তাহগুলোতে ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর অর্থায়নে পরিচালিত ব্যাপক আক্রমণাত্মক প্রচারণার মুখেও জয় নিশ্চিত করেন।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রগতিশীল ডেমোক্র্যাট আয়েশা তার প্রতিদ্বন্দ্বী মধ্যপন্থী ডেমোক্র্যাট মেলিসা হার্নান্দেজকে পরাজিত করেছেন। এর ফলে তিনি ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল জেলার প্রতিনিধিত্ব করবেন। সাবেক কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলের মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য তিনি দায়িত্ব পালন করবেন, যার মেয়াদ আগামী জানুয়ারিতে শেষ হওয়ার কথা। জেলাটির মধ্যে সান ফ্রান্সিসকো বে এলাকার দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকা রয়েছে।
বিজয়ের পর এক বিবৃতিতে আয়েশা বলেন, যে এলাকা তাকে বড় করে তুলেছে, তিনি সেই এলাকার মানুষের জন্য লড়াই করবেন। তার ভাষ্য, এই জয় প্রমাণ করেছে অর্থের বিনিময়ে তার এলাকার মানুষের সমর্থন কেনা সম্ভব নয়।
নিজের রাজনৈতিক পথচলা প্রসঙ্গে আয়েশা বলেন, পালক পরিচর্যা থেকে কংগ্রেসে পৌঁছানোর এই যাত্রা আমেরিকান স্বপ্নের বাস্তব সম্ভাবনাকে তুলে ধরে।
এর আগে যৌন নিপীড়নের কয়েকটি অভিযোগ ওঠার পর গত এপ্রিলে এরিক সোয়ালওয়েল পদত্যাগ করেন। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছিলেন। তার পদত্যাগের পরই শূন্য আসনে বিশেষ নির্বাচনের আয়োজন করা হয়।
ইসরায়েলপন্থী লবির প্রভাবের দিক থেকেও নির্বাচনটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছিল। বিশেষ করে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি সমর্থন কমে যাওয়ার প্রেক্ষাপটে এই নির্বাচনকে ইসরায়েলপন্থী রাজনৈতিক প্রভাবের একটি নতুন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল।
তথ্যসূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান