সারাবিশ্ব

ইউক্রেনের ২৩৮টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম

ইউক্রেনের ২৩৮টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ইউক্রেনের চালানো ব্যাপক ড্রোন হামলার প্রচেষ্টা ব্যর্থ করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

এক বিবৃতিতে বলা হয়, দেশটির বিভিন্ন অঞ্চলের আকাশে মোট ২৩৮টি স্থির-পাখাবিশিষ্ট মানববিহীন ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে রাজধানী মস্কো অঞ্চলের আকাশেই ধ্বংস করা হয়েছে ৯টি ড্রোন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এক রাতে ব্রিয়ানস্ক অঞ্চলে ৮৫টি, স্মোলেনস্কে ৪২টি, লেনিনগ্রাদে ২৮টি, কালুগায় ১৮টি, নভগোরোদে ১৪টি, ওরিওল ও মস্কো অঞ্চলে প্রতিটিতে ৯টি, বেলগোরোদে ৭টি, রোস্তভ ও তভের অঞ্চলে প্রতিটিতে ৩টি এবং পস্কভ, তুলা ও কুরস্ক অঞ্চলে প্রতিটিতে ১টি করে ড্রোন ধ্বংস করা হয়।

এর আগের রাতেও ইউক্রেনের অন্তত ১৭টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল রাশিয়া। সেগুলোর মধ্যে ভোরোনেজে ৬টি, বেলগোরোদে ৫টি, ব্রিয়ানস্ক ও কুরস্কে প্রতিটিতে ২টি, আর লিপেৎস্ক ও তামবভ অঞ্চলে ১টি করে ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।

তবে এসব দাবি নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার এই ধারাবাহিক দাবি দুই দেশের চলমান যুদ্ধ পরিস্থিতিতে ড্রোন ব্যবহারের বাড়তি গুরুত্বকে আবারও সামনে এনেছে।