সারাবিশ্ব

নেপালে চলমান বিক্ষোভ ও সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৫১


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম

নেপালে চলমান বিক্ষোভ ও সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৫১
ছবি: সংগৃহীত

নেপালে চলমান বিক্ষোভ ও সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। দেশটির সংবাদমাধ্যম খবরহাব জানিয়েছে, নিহতদের মধ্যে কাঠমান্ডু উপত্যকাসহ বিভিন্ন জেলার সাধারণ মানুষ রয়েছেন। এছাড়া একজন ভারতীয় নারী এবং পুলিশের তিন সদস্যও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন নেপাল পুলিশের মুখপাত্র ডিআইজি বিনোদ ঘিমিরে।

সরকারি মদদে দুর্নীতি, স্বজনপ্রীতি ও কর্মসংস্থানের অভাব নিয়ে নেপালে আন্দোলন চলছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ছড়ানোর অজুহাতে সরকার প্ল্যাটফর্মগুলোতে নিষেধাজ্ঞা জারি করলে আন্দোলন সহিংস আকার ধারণ করে। পরে নিষেধাজ্ঞা তুলে নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। অবশেষে ব্যাপক চাপের মুখে মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স। সহিংসতায় লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে কয়েকশ কোটি রূপির ক্ষতি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী কারফিউ জারি করে এবং রাজধানীতে টহল জোরদার করে।

শুক্রবার কাঠমান্ডুর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। দোকানপাট খুলতে শুরু করেছে, সড়কেও গাড়ি চলাচল করছে। যদিও সেনা টহল এখনও চলছে এবং কিছু এলাকায় প্রবেশ নিষেধাজ্ঞা বহাল আছে।

চীন ও ভারতের মাঝামাঝি অবস্থানকারী নেপাল বহুদিন ধরেই রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। ২০০৮ সালে রাজতন্ত্র বিলোপের পর থেকে দেশটিতে একের পর এক সরকার পতনের ঘটনা ঘটছে।