সারাবিশ্ব

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পিএম

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি
নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। ছবি: সংগৃহীত

নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর মাধ্যমে নেপালের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল, সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেল এবং জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা আলোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হন। মূলত পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবিতে আন্দোলনরত জেন-জি প্রজন্মের তরুণ বিক্ষোভকারীদের চাপ, রাজনৈতিক অস্থিরতা এবং ক্রমবর্ধমান জনঅসন্তোষের প্রেক্ষাপটে এই সমঝোতা হয়।

সূত্র জানায়, প্রেসিডেন্ট প্রথমদিকে শর্ত দিয়েছিলেন যে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরই সুশীলা কার্কিকে নিয়োগ দেওয়া হবে। তবে শীতল নিবাস (প্রেসিডেন্ট ভবন) ঘেরাওয়ের হুমকি ও আন্দোলনের তীব্রতার কারণে তিনি অবস্থান পরিবর্তন করে সঙ্গে সঙ্গে নিয়োগের পথে হাঁটেন। বর্তমানে প্রেসিডেন্ট ভবনে দুটি গুরুত্বপূর্ণ নথি প্রস্তুত হচ্ছে—একটি পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা এবং অপরটি সুশীলা কার্কির শপথ গ্রহণের জন্য।

সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান এবং সৎ ভাবমূর্তির কারণে তিনি তরুণ সমাজ, বিশেষ করে জেন-জি প্রজন্মের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য। তাদের আন্দোলনের ফলেই কেপি ওলি সরকারের পতন ঘটে এবং গত ৯ সেপ্টেম্বর তিনি বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কি একটি ছোট আকারের মন্ত্রিসভা গঠন করবেন বলে জানা গেছে। আজ রাতেই তার প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে কেন্দ্রীয় ও প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব তোলা হবে।

এভাবে নেপালে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে একটি নতুন অধ্যায় শুরু হলো। অনেকের মতে, সুশীলা কার্কির নেতৃত্বে দুর্নীতিবিরোধী অবস্থান আরও শক্তিশালী হবে এবং তরুণদের প্রত্যাশিত পরিবর্তনের পথে নেপাল এগিয়ে যাবে।