সারাবিশ্ব

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে উদ্বেগ প্রকাশ করল ভারত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে উদ্বেগ প্রকাশ করল ভারত
ছবি: সংগৃহীত

পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব। এই চুক্তি অনুযায়ী, কোনো এক দেশের ওপর হামলা হলে সেটিকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মনে করছে এ ধরনের প্রতিরক্ষা চুক্তি পাকিস্তান ও সৌদি আরবের দীর্ঘদিনের সম্পর্কেরই আনুষ্ঠানিক রূপ। তবে ভারত সরকার জানিয়েছে, এ চুক্তি তাদের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ভারসাম্য এবং বৈশ্বিক স্থিতিশীলতার ওপর কী প্রভাব ফেলতে পারে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আমরা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের বিষয়টি লক্ষ্য করেছি। এ ধরনের বোঝাপড়া দুই দেশের মধ্যে আগে থেকেই বিদ্যমান ছিল। ভারত সরকার এখন জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষার স্বার্থে চুক্তিটির সম্ভাব্য প্রভাব গভীরভাবে খতিয়ে দেখবে।” বিবৃতিতে আরও বলা হয়, দেশের নিরাপত্তা ও সার্বভৌম স্বার্থ রক্ষায় ভারত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

এর আগে রিয়াদের আল-ইয়ামামা প্রাসাদে বৈঠকের পর পাকিস্তান ও সৌদি আরবের পক্ষ থেকে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, প্রায় আট দশকের ঐতিহাসিক অংশীদারত্ব ও ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির মূল লক্ষ্য হলো প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা।

চুক্তি স্বাক্ষরের সময় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির উপস্থিত ছিলেন। বিশ্লেষকরা মনে করছেন, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যেই এই প্রতিরক্ষা চুক্তি দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করল।

অন্যদিকে, ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্কও সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত এখন সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। মোদি এরই মধ্যে তিনবার সৌদি সফর করেছেন। ২০১৬ সালে তাকে সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘কিং আব্দুল আজিজ স্যাশ’ প্রদান করা হয়।