সারাবিশ্ব
মাত্র ৩১ বছর বয়সেই ২১ হাজার কোটি রুপির মালিক অরবিন্দ
মাত্র ৩১ বছর বয়সে ২১ হাজার কোটি রুপি সম্পদের মালিক হয়েছেন ভারতীয় তরুণ প্রযুক্তি উদ্যোক্তা অরবিন্দ শ্রীনিবাস। এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, তিনি বর্তমানে ভারতের সবচেয়ে কমবয়সী বিলিয়নেয়ার।
চেন্নাইয়ে জন্ম নেওয়া অরবিন্দ বর্তমানে জনপ্রিয় এআই স্টার্টআপ Perplexity-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও। প্রতিষ্ঠানটি চ্যাটবটভিত্তিক সার্চ ইঞ্জিন তৈরি করেছে, যা GPT-3 এর মতো মডেল ব্যবহার করে দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করে থাকে।
১৯৯৪ সালের ৭ জুন জন্ম নেওয়া অরবিন্দ ছোটবেলা থেকেই বিজ্ঞানে আগ্রহী ছিলেন। তিনি পড়েছেন আইআইটি মাদ্রাজে। সেখানে থাকাকালেই ‘রিইনফোর্সমেন্ট লার্নিং’ ও ‘অ্যাডভান্সড রিইনফোর্সমেন্ট লার্নিং’-এর ওপর কোর্স করিয়েছেন।
পরে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলি থেকে ২০২১ সালে পিএইচডি শেষ করেন কম্পিউটার সায়েন্সে। এর মধ্যে ২০২০-২১ সালে একটি সেমিস্টারে ‘ডিপ আনসুপারভাইজড লার্নিং’ বিষয়েও ক্লাস নেন।

অরবিন্দ শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতেও কাজ করেছেন। ওপেনএআই, ডিপমাইন্ড (গুগলের এআই গবেষণা প্রতিষ্ঠান) এবং গুগলের মতো জায়ান্ট কোম্পানিতে কাটিয়েছেন গুরুত্বপূর্ণ সময়। পরে ওপেনএআইতে ফিরে আসেন রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে।
২০২২ সালের আগস্টে মাত্র ২৮ বছর বয়সে ডেনিস ইয়ারাতাস ও অ্যান্ডি কোনউইনস্কিকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন Perplexity। এর মূল লক্ষ্য ছিল এমন একটি সার্চ ইঞ্জিন বানানো, যা ব্যবহারকারীর প্রশ্নের দ্রুত ও নির্ভরযোগ্য উত্তর দিতে পারে সম্পূর্ণভাবে এআই প্রযুক্তির মাধ্যমে।
অরবিন্দ শুধু নিজের স্টার্টআপেই সীমাবদ্ধ থাকেননি। ২০২৩ সালের জানুয়ারি থেকে তিনি ElevenLabs ও Sunno-এর মতো উদীয়মান এআই স্টার্টআপে অ্যাঞ্জেল ইনভেস্টর হিসেবেও যুক্ত হন। সফল এই বিনিয়োগ ও উদ্যোক্তা হিসেবেই অরবিন্দ আজ ভারতের সবচেয়ে কম বয়সী ধনী ব্যক্তিদের তালিকায় উঠে এসেছেন।