সারাবিশ্ব
বাংলাদেশ সীমান্তের কাছে সেনা ঘাঁটি ও সেনা স্টেশন করল ভারত
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি আসামের ধুবরিতেও গড়ে তোলা হচ্ছে আরও একটি নতুন সেনা স্টেশন। বাংলাদেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে দ্রুত এই দুটি সামরিক স্থাপনা প্রতিষ্ঠা করেছে ভারত। বিষয়টি জানিয়েছে দেশটির গণমাধ্যম ডেকান ক্রনিকল।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর. সি. তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় সীমান্তের খুব কাছেই নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন।
ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এক্স-এ এক্স-এ এক পোস্টে জানায়, চোপড়া ডিফেন্স ল্যান্ডে ব্রহ্মাস্ত্র কর্পসের মোতায়েনকৃত সৈন্যদের সঙ্গে দেখা করেন লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি। তিনি অল্প সময়ের মধ্যেই ঘাঁটি নির্মাণের জন্য সেনাদের প্রশংসা করেন এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখে উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সচেষ্ট থাকার নির্দেশ দেন।
এর আগে তিনি আসামের সীমান্তবর্তী এলাকায় ৪ (গজরাজ) কর্পসের সদর দপ্তর পরিদর্শন করেন এবং ধুবরির বামুনিগাঁও এলাকায় ‘লাচিত বরফুকন’ নামে নতুন সামরিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই সামরিক স্টেশন প্রতিষ্ঠা অঞ্চলটির প্রতিরক্ষা সক্ষমতা ও অবকাঠামোকে আরও শক্তিশালী করবে। তিওয়ারি তার সফরে সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি ও চলমান অবকাঠামো উন্নয়নকাজের অগ্রগতিও পর্যালোচনা করেন।