সারাবিশ্ব
আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযানে নিহত ২০
আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলে গোপন আস্তানায় অভিযান চালিয়ে ২০ জন তালেবান বিদ্রোহীকে হত্যা করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
সামরিক সূত্র জানায়, রবিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে আটজন ও দারা আদম খেল জেলায় আরও ১২ জন জঙ্গি নিহত হয়। নিহতরা নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্য বলে জানায় সেনাবাহিনী।
এদিকে ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনা কোনো ফল ছাড়াই শেষ হয়েছে। কাতার ও তুরস্কের সহায়তায় অনুষ্ঠিত এই সংলাপে কাবুল টিটিপি ও অন্যান্য গোষ্ঠীকে পাকিস্তানের বিরুদ্ধে ভূখণ্ড ব্যবহার না করতে লিখিত আশ্বাস দিতে অস্বীকৃতি জানায়।
পাকিস্তান জানিয়েছে, ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে টিটিপি’র হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাম্প্রতিক সংঘর্ষে দুই দেশের সীমান্তে বহু সেনা ও বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন।
সূত্র: এপি, এবিসি নিউজ