সারাবিশ্ব
আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান
সাম্প্রতিক সময়ে একাধিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার ভোরে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এ বিষয়ে এখন পর্যন্ত তালেবান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আফগান সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের অন্তত দুটি প্রদেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সূত্র অনুযায়ী, পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় ড্রোন হামলা চালানো হয়। পাশাপাশি পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশেও আরেকটি হামলার ঘটনা ঘটেছে।
এদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের সেনাবাহিনী আফগানিস্তানের ভেতরে অবস্থিত সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং তাদের সহযোগী সংগঠনের সাতটি গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালিয়েছে। একই সঙ্গে ইসলামিক স্টেট–সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পেও আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, রাজধানী ইসলামাবাদ-এর একটি মসজিদে সাম্প্রতিক হামলাসহ কয়েকটি বড় সন্ত্রাসী ঘটনার পরিকল্পনা ও নির্দেশনা আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতারা দিয়েছেন-এমন সুস্পষ্ট তথ্য পাকিস্তানের কাছে রয়েছে।
এর আগে শনিবার রাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু বিভাগে এক আত্মঘাতী হামলায় এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই পাকিস্তানি সেনা নিহত হন। ওই ঘটনার কিছুক্ষণ পরই আফগানিস্তানের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালানো হয়।
পাকিস্তানের দাবি অনুযায়ী, এর আগের দিন বাজাউর এলাকায় নিরাপত্তা চৌকির কাছে অস্ত্রধারীদের সহায়তায় এক আত্মঘাতী হামলায় ১১ সেনা ও এক শিশু নিহত হন। ওই হামলাটি একজন আফগান নাগরিক চালিয়েছে বলেও দাবি করে ইসলামাবাদ।
এছাড়া গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হওয়ার ঘটনাও সাম্প্রতিক উত্তেজনার পটভূমি হিসেবে উল্লেখ করেছে পাকিস্তান।
সূত্র: আলজাজিরা