সারাবিশ্ব
ভারতে ভূমিধসে যাত্রীবাহী গাড়ি চাপা পড়ে নিহত ১৩
ভারতের ভারত এর হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধসে যাত্রীবাহী একটি গাড়ি চাপা পড়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রদেশটির লাহৌল-স্পিতি জেলার উদয়পুর-কিলার সড়কের কাহু-দু নালা এলাকায় শুক্রবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। কুল্লু থেকে পাঙ্গির উদ্দেশে যাত্রীবাহী একটি টাটা সুমো গাড়ি যাওয়ার সময় হঠাৎ পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে। এতে বড় বড় পাথর ও মাটি গাড়ির ওপর পড়ে সেটিকে সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা দেয়।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে গাড়িচালক বীর সিংও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ঘটনার পরপরই টিন্ডি থানা পুলিশ, প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচ থেকে এক আহত যাত্রীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
এর আগে পৃথক একটি ভূমিধসের কারণে বৃহস্পতিবার উদয়পুর-কিলার সড়ক বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে যাত্রীরা টিন্ডিতে আটকা পড়েন। পরদিন সড়ক চালু হলে তারা পুনরায় যাত্রা শুরু করেন। কিন্তু পথেই ভয়াবহ এই দুর্ঘটনার শিকার হন তারা। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।