সারাবিশ্ব
কয়েক ঘণ্টা হাসপাতাল রেখে আবারও কারাগারে নেওয়া হলো ইমরান খানকে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কয়েক ঘণ্টা হাসপাতালে রাখার পর আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে ভোরেই তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশের পর শুক্রবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হলেও সেখানে দীর্ঘ সময় রাখা হয়নি।
ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আগে সেখানে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। নিরাপত্তার কারণে হাসপাতালের আশপাশের একাধিক সড়কও বন্ধ করে দেওয়া হয়।
ধারণা করা হয়েছিল, স্বাস্থ্যগত কারণে ইমরান খানকে কয়েক দিন হাসপাতালে রাখা হতে পারে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকার ইমরান খানকে হাসপাতালে নেওয়ার বিষয়ে আদালতের নির্দেশের বিরুদ্ধে আপিল করেছিল। তবে আদালত সেই আপিল গ্রহণ করেনি।
২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। পরের বছর ৫ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগারে জমা থাকা বিদেশিদের দেওয়া উপহারের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
পরে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন কারাগারে থাকার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে দাবি করে আসছে তার পরিবার। উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়ার দাবিও জানিয়ে আসছিল তারা।
সূত্র: দ্য ডন