সারাবিশ্ব

ঘুষ নেওয়ার অভিযোগে খাদ্য নিরাপত্তা কর্মকর্তাকে খাওয়ানো হলো মেয়াদউত্তীর্ণ বিস্কুট


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:০৫ পিএম

ঘুষ নেওয়ার অভিযোগে খাদ্য নিরাপত্তা কর্মকর্তাকে খাওয়ানো হলো মেয়াদউত্তীর্ণ বিস্কুট
ছবি: সংগৃহীত

ভারতের ছত্রপতি শম্ভাজিনগরে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগ তদন্তে যাওয়া এক খাদ্য নিরাপত্তা কর্মকর্তাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দোকানদারের কাছ থেকে ঘুষ নিয়ে তাকে ছাড় দেওয়ার চেষ্টা করা হয়েছে এমন অভিযোগ তুলে ওই কর্মকর্তার ওপর ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে তারা কর্মকর্তাকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা করেন।

শনিবার (২৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত স্থানীয় একটি পান দোকান থেকে কেনা মেয়াদোত্তীর্ণ চানাচুর খেয়ে দুই বছরের এক শিশু অসুস্থ হয়ে পড়ার ঘটনায়। চানাচুর খাওয়ার পর শিশুটির মাথা ঘোরার পাশাপাশি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে শিশুটির স্বজন ও স্থানীয় বাসিন্দারা ছত্রপতি শম্ভাজিনগরের খাদ্য ও ওষুধ প্রশাসন কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে এক কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শনে গেলে স্থানীয়রা অভিযোগ করেন, তিনি সেখানে পৌঁছানোর আগেই দোকান থেকে চানাচুরের মূল প্যাকেটটি সরিয়ে ফেলা হয়েছে।

পরিদর্শনের সময় দোকানটিতে বেশ কয়েকটি মেয়াদোত্তীর্ণ বিস্কুটের প্যাকেট পাওয়া যায়। তবে ওই কর্মকর্তা দোকানদারের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এতে ক্ষুব্ধ হয়ে তারা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নিয়ে বিষয়টি মিটিয়ে দেওয়ার চেষ্টা করার অভিযোগ তোলেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা বিস্কুটগুলো খাওয়ার উপযোগী কি না, তা প্রমাণ করতে কর্মকর্তাকে নিজেই সেগুলো খেয়ে দেখার দাবি জানান।

পরে কয়েকজন উত্তেজিত ব্যক্তি জোর করে মেয়াদোত্তীর্ণ বিস্কুট কর্মকর্তার মুখে গুঁজে দেওয়ার চেষ্টা করেন।

রাজ্যজুড়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য ও ওষুধ প্রশাসনের অভিযান জোরদারের মধ্যেই এমন ঘটনা ঘটল। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।