সারাবিশ্ব
ট্রাম্প-পুতিন ফোনালাপের পর পুতিন-জেলেনস্কি বৈঠক চূড়ান্ত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক ফোনালাপের পর রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে মুখোমুখি বৈঠক চূড়ান্ত হয়েছে। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।
চ্যান্সেলর মের্জ জানান, বৈঠকটি আগামী দুই সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। তবে বৈঠকের স্থান এখনো নির্ধারিত হয়নি। তিনি বলেন, “বৈঠকের জন্য যথাযথ প্রস্তুতি প্রয়োজন, কিন্তু পুতিন আসলেই এই পদক্ষেপ নেবেন কি না—সে বিষয়ে সংশয় থেকেই যাচ্ছে।”
এ বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া প্রথমে একটি দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দিয়েছে। এরপর ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, “আমি যেকোনো ফর্ম্যাটে বৈঠকে বসতে প্রস্তুত। আমি কোনো শর্ত আরোপ করতে চাই না, কারণ পুতিন নিজেই শর্ত নিয়ে আসবেন। আমাদের নিঃশর্তভাবে মিলিত হয়ে যুদ্ধের অবসানের পথ খুঁজে বের করতে হবে।”
তবে দ্বিপাক্ষিক বৈঠকের সুনির্দিষ্ট বিবরণ এখনো প্রকাশ করা হয়নি বলে উল্লেখ করেন জেলেনস্কি।