সারাবিশ্ব

ভারতের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০১:২৯ পিএম

ভারতের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতে নতুন রাষ্ট্রদূত সার্জিও গোরের শপথ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, এই চুক্তি দুই দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করবে, যুক্তরাষ্ট্রের জ্বালানি রফতানি বাড়াবে এবং গুরুত্বপূর্ণ মার্কিন খাতে বিনিয়োগকে উৎসাহিত করবে। তিনি আরও বলেন, “আমরা একটি ন্যায্য চুক্তি পাচ্ছি-কেবল একটি ন্যায্য বাণিজ্য চুক্তি। এটি আগের চুক্তিগুলোর থেকে অনেক আলাদা। আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি।”

এ বছর আগস্টে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পর দুই দেশের সম্পর্ক তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেন, ভারত রাশিয়ার সস্তা তেল কিনে ইউক্রেন যুদ্ধকে পরোক্ষভাবে সমর্থন করছে। তবে সাম্প্রতিক সংবাদে বলা হয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে নতুন বাণিজ্য চুক্তির পথে এগোচ্ছে। সম্ভাব্য এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ভারতীয় আমদানির ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৫–১৬ শতাংশে নামাতে পারে।

ভারতের অর্থনৈতিক দৈনিক মিন্ট জানায়, প্রস্তাবিত চুক্তিটি মূলত জ্বালানি ও কৃষি খাতে কেন্দ্রীভূত। চুক্তি বাস্তবায়িত হলে ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি কমাতে পারে। ট্রাম্প জানিয়েছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাণিজ্য ও জ্বালানি ইস্যুতে আলোচনা করেছেন এবং মোদি আশ্বস্ত করেছেন যে, ভারত রাশিয়া থেকে তেল কেনা সীমিত করবে।

অন্যদিকে প্রধানমন্ত্রী মোদি নিশ্চিত করেছেন যে দুই নেতা ফোনে কথা বলেছেন, তবে আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি। তিনি এক্সে লিখেছেন, “আপনার ফোন কল ও দীপাবলির উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প। এই আলোর উৎসবে আমাদের দুই মহান গণতন্ত্র যেন আশা দিয়ে বিশ্বকে আলোকিত করে এবং সবধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ায়।”

নতুন বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে এটি শুধু দুই দেশের অর্থনীতি নয়, অঞ্চল ও বিশ্ব রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সূত্র: রয়টার্স, এনডিটিভি