সারাবিশ্ব
এপস্টেইন বিতর্কে মুখ খুললেন বিল গেটস, সম্পর্ক নিয়ে আক্ষেপ
মার্কিন ধনকুবের ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস জানিয়েছেন, যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও তিনি কোনো অপরাধ প্রত্যক্ষ করেননি। তবে এপস্টেইনের ভুক্তভোগীদের আশপাশে তিনি থাকতে পারেন বলে স্বীকার করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নজরদারি কমিটির কাছে দেওয়া গোপন জিজ্ঞাসাবাদের নথিতে এসব তথ্য উঠে আসে।
জিজ্ঞাসাবাদে গেটস দাবি করেন, এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক ছিল কেবল পেশাগত। তিনি কখনো কোনো যৌন হয়রানি বা অপরাধে জড়িত ছিলেন না এবং এ ধরনের কোনো ঘটনা প্রত্যক্ষও করেননি।
তবে তদন্তকারীরা উল্লেখ করেন, এপস্টেইনের কিছু কর্মী নির্যাতনের শিকার হয়েছিলেন। ফলে গেটস কখনো ভুক্তভোগীদের আশপাশে ছিলেন না—এমন নিশ্চয়তা দেওয়া কঠিন।
এর জবাবে গেটস বলেন, বিষয়টি যৌক্তিক। তিনি স্বীকার করেন, এপস্টেইনের একটি বিমানে বৈঠক শেষে কিছু নারী কর্মীকে তিনি দেখেছিলেন, তবে তারা ভুক্তভোগী ছিলেন কি না, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না।
গেটস জানান, ২০১১ সালে বিশ্ব স্বাস্থ্য খাতে অর্থ সংগ্রহের আগ্রহ থেকেই এপস্টেইনের সঙ্গে তার পরিচয় হয়। তখন তিনি জানতেন, এপস্টেইনের বিরুদ্ধে যৌন অপরাধের সাজা রয়েছে। তবুও সম্ভাব্য জনকল্যাণমূলক কাজের আশায় যোগাযোগ বজায় রাখেন।
পরবর্তীতে এপস্টেইনের সঙ্গে সম্পর্ক রাখা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন গেটস। তিনি বলেন, তার অতীত সম্পর্কে আরও সতর্ক থাকা উচিত ছিল।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ২০১৪ সালে সম্পর্ক ছিন্ন করার পর এপস্টেইন গেটসের ব্যক্তিগত জীবনের কিছু বিষয় ব্যবহার করে চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন। এমনকি এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়ে খরচ ফেরত চেয়ে বার্তাও পাঠান। তবে গেটস কোনো অর্থ পরিশোধ করেননি বলে জানান।
এদিকে এপস্টেইনের দীর্ঘদিনের সহকারী লেসলি গ্রফও কংগ্রেসে জবানবন্দি দিয়েছেন। তিনি এপস্টেইনকে ‘অত্যন্ত কৌশলী ব্যক্তি’ হিসেবে বর্ণনা করে বলেন, তার অপরাধ সম্পর্কে তিনি অবগত ছিলেন না।
গ্রফ জানান, এপস্টেইনের বিভিন্ন বৈঠক ও ম্যাসাজের সময়সূচি তিনি পরিচালনা করতেন, তবে এসব কার্যক্রমের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে তার জানা ছিল না।
যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে এপস্টেইনের সম্পর্ক নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবেই বিল গেটস ও লেসলি গ্রফের বক্তব্য নেওয়া হয়েছে।