সারাবিশ্ব

খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না: ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:১৭ এএম

খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না: ট্রাম্প
ছবি: সংগৃহীত

খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজন রয়েছে।

রোববার (৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে ইরানের একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এদিকে, খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে আগামী ১১ জুলাই পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরান, কোম ও মাশহাদে আয়াতুল্লাহ খামেনির জানাজার নামাজে তার পুত্র এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির পরিবর্তে জ্যেষ্ঠ ধর্মীয় আলেমরা ইমামতি করবেন। এখন পর্যন্ত অনুষ্ঠিত কোনো আয়োজনে মোজতাবা খামেনি বা তার অন্য ভাইদের দেখা যায়নি। তবে খামেনি পরিবারের প্রতিনিধি হিসেবে তার শ্বশুর গোলাম-আলি হাদ্দাদ আদেল উপস্থিত ছিলেন।

শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে বিপুল মানুষের সমাগম হয়। এর আগে শুক্রবার অনুষ্ঠিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত থাকলেও কোনো রাষ্ট্রপ্রধান বা বিশ্বনেতাকে সেখানে দেখা যায়নি।