আইন আদালত

ফের ৪ দিনের রিমান্ডে সালমান এফ রহমান, নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল হক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৭:১০ এএম

ফের ৪ দিনের রিমান্ডে সালমান এফ রহমান, নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল হক
সালমান এফ রহমান ও আনিসুল হক। ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত শাহাবুল ইসলাম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আবারও রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বৃহস্পতিবার (১৯ জুন) তাকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

একই মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। ঢাকা জেলা পুলিশের আদালত পরিদর্শক আখতার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আদালতে হাজির করে পুলিশ সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড আবেদন করলেও বিচারক চার দিনের অনুমতি দেন। একইসঙ্গে আনিসুল হককে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আনিসুল হকের আইনজীবী আসিফুর রহমান জানান, এই মামলায় গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হলে তার পক্ষে জামিনের আবেদন করা হয়। তবে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৪ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত হন শাহাবুল ইসলাম। এ ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে আলোচিত হয়ে উঠেছে।

এর আগে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হককে প্রথমবারের মতো গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, এখন পর্যন্ত সালমান এফ রহমানের বিরুদ্ধে ১১টি মামলায় মোট ৬১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে, আনিসুল হককে বিভিন্ন মামলায় মোট ৫৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।