আইন আদালত

সাবেক সিইসি নূরুল হুদা ৪ দিনের রিমান্ডে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১১:৪৩ এএম

সাবেক সিইসি নূরুল হুদা ৪ দিনের রিমান্ডে
কে এম নূরুল হুদা। ছবি: সংগৃহীত

‘জনগণের ভোট ছাড়া’ নির্বাচন সম্পন্নের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রিমান্ডের আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার নূরুল হুদাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর।

রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টর থেকে নূরুল হুদাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত নূরুল হুদাকে আটক করে বিক্ষুব্ধ জনতা জুতার মালা পরিয়ে রেখেছে।

এর আগে, রোববার সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার—কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ ২৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়।

বিএনপির অভিযোগ, ১০ম, ১১তম ও ১২তম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ‘একপক্ষীয় নির্বাচন’ আয়োজন করেছেন তারা। মামলায় এটি ‘রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ’ বলেও উল্লেখ করা হয়।