আইন আদালত

দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০২:৫৮ পিএম

দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
ছবি: সংগৃহীত

সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় খালাস পেয়েছেন হানিফ পরিবহনের মালিক মো. হানিফ মিয়া। সোমবার (৭ জুলাই) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় হানিফ মিয়া আদালতে উপস্থিত ছিলেন।

রায় শেষে তার আইনজীবী বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, আদালতের রায়ে তারা সন্তুষ্ট। মামলার নথি অনুযায়ী, হানিফ মিয়া নিজ নামে ৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার টাকার স্থাবর সম্পদ এবং ১ কোটি ৮০ হাজার টাকার অস্থাবর সম্পদসহ মোট প্রায় ৪ কোটি ৪ লাখ টাকার সম্পদ অর্জন করেন। এর মধ্যে ১ কোটি ৭৫ লাখ টাকার সম্পদের বৈধ উৎস দেখাতে ব্যর্থ হওয়ায় ২০২০ সালের ২৯ নভেম্বর তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক।

তবে ৯ ডিসেম্বর নোটিশ গ্রহণের পরও নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় ২০২১ সালের ৪ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম আদালতে চার্জশিট জমা দেন।

মামলার বিচার প্রক্রিয়ায় মোট সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সব তথ্যপ্রমাণ ও সাক্ষ্য বিচার-বিশ্লেষণ শেষে আদালত হানিফ মিয়াকে খালাস দেন।

উল্লেখযোগ্য যে, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায়ও হানিফ মিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে উচ্চ আদালত সেই রায় বাতিল করে তাকে খালাস দেন।