আইন আদালত
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের দিন ঘোষণা আজ
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মামলার রায়ের দিন ধার্য করা হবে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন, “আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় আগামীকাল রায়ের দিন ঘোষণা করা হবে।”
এ মামলার অপর দুই আসামি হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে রাষ্ট্রপক্ষের সাক্ষী বা ‘রাজসাক্ষী’ হয়েছেন। প্রসিকিউশন মনে করছে, রাজসাক্ষীর জবানবন্দিতে ‘ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার’—অর্থাৎ সত্য ও পূর্ণ স্বীকারোক্তি পাওয়া গেছে, যা মামলার বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অন্যদিকে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল কোনো আইনজীবী নিয়োগ না করায় ট্রাইব্যুনাল তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে সিনিয়র আইনজীবী আমির হোসেনকে নিযুক্ত করে।
যুক্তিতর্ক উপস্থাপনের সময় আসামিপক্ষের নিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেন, “যতক্ষণ পর্যন্ত আন্দোলন কোটা সংস্কারের দাবিতে ছিল, ততক্ষণ পর্যন্ত তা বৈধ ছিল। তবে যখন আন্দোলন সরকার পতনের দাবিতে একদফায় রূপ নেয়, তখন তা অসাংবিধানিক ও অবৈধ হয়ে পড়ে।”
তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই তাদের খালাস প্রার্থনা করা হয়েছে।
প্রসিকিউশন ও আসামিপক্ষ উভয়ের যুক্তিতর্ক শেষ হওয়ায় এখন রায় ঘোষণার অপেক্ষা। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে নিশ্চিত করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।