আইন আদালত
কুমিল্লা-৪: প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) হাইকোর্টে এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
বুধবার মঞ্জুরুল আহসান মুন্সী নিজেই হাইকোর্টে উপস্থিত হন। বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, মঙ্গলবার (২০ জানুয়ারি) হাইকোর্ট রিটের শুনানি বুধবার করার জন্য দিন ধার্য করেন।
মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
মঞ্জুরুল আহসান মুন্সী ১৯ জানুয়ারি নির্বাচন কমিশনের ১৭ জানুয়ারির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে তিনি ইসির ওই সিদ্ধান্ত স্থগিত করার অনুরোধ করেছেন। উল্লেখ্য, ১৭ জানুয়ারি আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।
এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন। তবে কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ নির্বাচনী আপিল করেন, অভিযোগ করেন যে বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়া তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।
পরবর্তী শুনানি শেষে নির্বাচন কমিশন হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।