আইন আদালত

সেই রাজ্জাক এবার হত্যাচেষ্টায় মামলায় কারাগারে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম

সেই রাজ্জাক এবার হত্যাচেষ্টায় মামলায় কারাগারে
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথি এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আরমান আলী রাজ্জাকসহ গ্রেপ্তার চার শিক্ষার্থীকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, আসামিদের পক্ষে জামিন আবেদন করা হলে আদালত আগামী রোববার জামিন শুনানির দিন ধার্য করেছেন।

এই মামলায় রাজ্জাকের সঙ্গে কারাগারে পাঠানো অন্য শিক্ষার্থীরা হলেন রিয়াদুল হাওলাদার, আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদার। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গুলশান থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মামলার নথি সূত্রে জানা যায়, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন বাদী হয়ে আব্দুর রাজ্জাকসহ ১১ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ২২ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, আসামিদের সঙ্গে নির্জনের পূর্বশত্রুতা ছিল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চতুর্থ তলার ৪১২ নম্বর কক্ষে সাক্ষাতের সময় আসামিরা তাকে সমাবর্তনে অংশ নেওয়ার জন্য চাপ দেন। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আনিসুর রহমান-এর সঙ্গে পরামর্শ করতে গেলে রাজ্জাকের নির্দেশে আসামি রিয়াদুল ও সায়েম চেয়ার দিয়ে নির্জনের ওপর হামলা চালান। এতে তিনি পিঠ ও বুকে আঘাত পান।

এজাহারে আরও বলা হয়, রাজ্জাক একটি সুইচ গিয়ার চাকু দিয়ে নির্জনের মুখমণ্ডলে আঘাত করে হত্যার চেষ্টা করেন। এতে তার নাকে আঘাত লেগে উপরিভাগ কেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। এরপর তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। নির্জনের বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এলে আসামিরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেয়।

পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিদের আটক করে। উল্লেখ্য, এর আগেও গত বছরের ২৬ জুলাই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদ-এর বাসায় চাঁদা দাবির মামলায় রাজ্জাক গ্রেপ্তার হয়েছিলেন। ওই মামলায় জামিনে মুক্ত হয়ে আবারও হত্যাচেষ্টা মামলায় জড়িয়ে কারাগারে গেলেন তিনি।