আইন আদালত
আদালতের নির্দেশে মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া-এর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ বিষয়ে আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এদিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর উপপরিদর্শক মো. আব্দুল হান্নান মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি দায়িত্ব পালনকালে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া অভিযোগে বলা হয়, অর্জিত অর্থের একটি বড় অংশ অবৈধ উপায়ে সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করে সেখানে সম্পদ গড়ে তোলার বিষয়ে মানিলন্ডারিং সংক্রান্ত অনুসন্ধান চলছে। এ অবস্থায় অভিযুক্ত ব্যক্তি যেকোনো সময় দেশ ত্যাগ করতে পারেন-এমন আশঙ্কায় তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।
আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ মে একই আদালত তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল।