আইন আদালত
চেক ডিজঅনার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান
চেক ডিজঅনার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর গত ৭ মে সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এ মামলার অন্যান্য আসামিরা আগেই জামিনে রয়েছেন।
এর আগে চলতি বছরের ৯ জানুয়ারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের পক্ষে উজ্জ্বল মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আহমেদ সইয়ন ফজলুর রহমান, মাহফুজুর রহমান, ইমরান মন্ডল, মো. লুৎফর রহমান, মাশকুরা খানাম, মো. সাইফুর রহমান, অবু নাঈম মোহাম্মদ সেলেহীন, মো. মোস্তাফিজুর রহমান তানভীর ও এ এস এফ রহমান।
মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যাংকের একাধিক তাগিদের পর বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষ থেকে ১১২ কোটি টাকার একটি চেক ইস্যু করা হয়। ২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি ব্যাংকের করপোরেট শাখায় জমা দিলে একই দিনে ‘অপর্যাপ্ত তহবিল’ উল্লেখ করে তা ফেরত দেওয়া হয়। পরবর্তীতে ২৬ নভেম্বর নিবন্ধিত ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়ে ৩০ দিনের মধ্যে অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ে আসামিরা তা পরিশোধ করেননি।