আইন আদালত
তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি এসেছে। মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. তারিকুল ইসলাম। তিনি জানান, গত ১৭ জুলাই কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১ এর বিচারক মুমিনুল হক সাবেক সেনাসদস্য জাহিদুল ও কলেজছাত্র রাব্বীর ডিএনএ সংগ্রহের নির্দেশ দেন। তদন্তের স্বার্থে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই অনুমতি দেন।
এর আগে মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা সংগ্রহ করে মিলিয়ে দেখা হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।
এদিকে মামলার দুই প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থার মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশও দিয়েছেন আদালত। এর মধ্যে শাহিন আলম কুয়েতে পালিয়ে গেছেন বলে জানা গেছে, আর জাহিদুজ্জামানের অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে এই মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি হাফিজুর রহমান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসের কাছাকাছি একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।