আইন আদালত
অপ্রতিম হত্যা: গ্রেফতার ৪ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেফতার চার আসামিকে আদালতে হাজির করেছে পুলিশ। এ সময় তাদের প্রত্যেকের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
রোববার, ২০ সেপ্টেম্বর বিকেলে আসামিদের কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রিমান্ডের বিষয়ে আদালতের সিদ্ধান্ত জানা যায়নি।
দুপুরে সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে অপ্রতিমকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের দায়ের করা হত্যা মামলায় সাইফুল ইসলাম তুহিন, ফাহাদ ও কামরুলকে গ্রেফতার করা হয়েছে। ফাহাদ ও কামরুল অপ্রাপ্তবয়স্ক। এ ঘটনায় আটক মো. সিয়াম নামে আরেক তরুণের সম্পৃক্ততার বিষয়টি যাচাই করা হচ্ছে।
পুলিশ জানায়, অপ্রতিমের সঙ্গে অভিযুক্তদের অসমবয়সি বন্ধুত্ব ছিল। বয়সে বড় ও ছোট হলেও তাদের চলাফেরা ছিল বন্ধুর মতো। গ্রেফতার ব্যক্তিদের কেউই অপ্রতিমের সহপাঠী নয়। তাদের মধ্যে কেউ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়েছে, আবার কেউ অনিয়মিত শিক্ষার্থী।
পুলিশ সুপার জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর প্রথমে তুহিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবি। তুহিন অপ্রতিমের বাবার দোকানে চাকরি করত বলেও জানান তিনি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় অপ্রতিমের আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় তাদের সঙ্গে অপ্রতিমের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তুহিন লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করে। পরে ফাহাদ ও কামরুলও তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। অপ্রতিমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার আইফোন নিয়ে তুহিন, ফাহাদ ও কামরুল ঘটনাস্থল থেকে চলে যায়।
অপ্রতিমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। কোটবাড়ী গন্ধমতি এলাকায় তাদের বাড়ি। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
দুই দফা জানাজা শেষে কুমিল্লার কোটবাড়ীর বাগমারা গোরস্থানে অপ্রতিমকে দাফন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাগমারা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাগমারা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।