লাইফস্টাইল

সাদা না বাদামী, কোন ডিম বেশি পুষ্টিকর? ৯৯% মানুষই জানেন না সঠিক তথ্য


লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৬:২৬ পিএম

সাদা না বাদামী, কোন ডিম বেশি পুষ্টিকর? ৯৯% মানুষই জানেন না সঠিক তথ্য
ডিম। ছবি: সংগৃহীত

বাজারে ডিম কিনতে গিয়ে অনেক সময়ই ক্রেতারা এক ধরনের দ্বিধায় পড়েন—সাদা ডিম নেবেন, নাকি বাদামী? দেখতে আলাদা, দামেরও পার্থক্য। ফলে অনেকের মধ্যেই এ প্রশ্নটি ঘুরপাক খায়—এই দুই ধরনের ডিমের পুষ্টিগুণে কি আসলেই কোনো পার্থক্য রয়েছে?

বিষয়টি নিয়ে পুষ্টিবিদ ও খাদ্য বিশেষজ্ঞরা বলছেন, ডিমের খোসার রঙে কোনো পুষ্টিগত পার্থক্য নেই। বরং ডিমের রঙ নির্ভর করে মুরগির জাত ও জেনেটিক বৈশিষ্ট্যের উপর। সাদা পালক ও হালকা কানের লতিওয়ালা মুরগি সাধারণত সাদা ডিম পাড়ে। অন্যদিকে, বাদামী পালক ও গাঢ় লতির মুরগি থেকে পাওয়া যায় বাদামী ডিম। তবে খোসার এই রঙের পার্থক্যের সঙ্গে ডিমের গুণগত মান বা পুষ্টির কোনো যোগ নেই।

egg1_Dhakaprokash.jpg

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (USDA)-এর তথ্য অনুযায়ী, একটি সাধারণ ডিম—সেটি সাদা হোক বা বাদামী—প্রায় একই পুষ্টিগুণ বহন করে। প্রতিটি ডিমেই গড়ে থাকে প্রায় ৬ গ্রাম প্রোটিন, কিছুটা ফ্যাট, কোলেস্টেরল, এবং ভিটামিন B2, B12 ও ভিটামিন D। মূলত মুরগিকে কী খাওয়ানো হচ্ছে এবং কী পরিবেশে তা পালন করা হচ্ছে—সেই বিষয়গুলিই ডিমের পুষ্টিমানের ওপর প্রভাব ফেলে।

এ বিষয়ে ভারতের জনপ্রিয় পুষ্টিবিদ ডা. রুজুতা দিবেকার বলেন, “ডিমের খোসার রং দিয়ে তার পুষ্টিগুণ বিচার করা যায় না। বরং কোন মুরগির ডিম, সে কী খেয়েছে, কীভাবে পালিত হয়েছে—এসবই অনেক বেশি গুরুত্বপূর্ণ।” তার মতে, অর্গানিকভাবে খামারে পালিত, খাঁচামুক্ত মুরগির ডিমেই থাকে সবচেয়ে ভালো পুষ্টি।

egg2_Dhakaprokash.jpg

তবে বাজারে বাদামী ডিমের দাম তুলনামূলক বেশি। এর পেছনে কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, বাদামী ডিম পাড়া মুরগিগুলো আকারে বড় হয়, এবং বেশি খায়। সেই সঙ্গে অনেক সময় এ ধরনের ডিম ‘অর্গানিক’ বা ‘ফ্রি-রেঞ্জ’ হিসেবে লেবেলযুক্ত হয়ে বিক্রি হয়। এসব কারণে এর উৎপাদন খরচও বেশি পড়ে, ফলে বাজারে দাম কিছুটা চড়া হয়।

সুতরাং, সাদা বা বাদামী—ডিমের খোসার রঙ নয়, বরং নজর দেওয়া উচিত তার উৎস ও উৎপাদন পদ্ধতির উপর। ডিম কিনতে গিয়ে দেখতে হবে সেটি কতটা টাটকা, খাঁচামুক্ত মুরগি থেকে পাওয়া কি না, এবং সম্ভব হলে অর্গানিক বা হরমোন-মুক্ত কিনা। এসব বিষয়ই ঠিক করে দেয় আপনি কতটা পুষ্টিকর খাবার গ্রহণ করছেন।

পরেরবার বাজারে গেলে রঙ দেখে বিভ্রান্ত না হয়ে সচেতনভাবে সিদ্ধান্ত নিন। কারণ, ডিমের আসল গুণ লুকিয়ে থাকে খোসার ভেতরে, রঙে নয়।