লাইফস্টাইল
যে ৫টি সাধারণ ভুলে হতে পারে ত্বকের ক্ষতি
ত্বকের যত্ন নেয়ার অনেক উপায়ই আমরা জানি কিন্তু ঠিকভাবে মানি না। আবার কোনগুলো যে আমাদের করণীয় তাও আমরা অনেকেই জানি না। প্রয়োজন নেই ভেবে দূরে সরিয়ে রাখি, কিন্তু তাতে করে হয় ত্বকের ক্ষতি।
আমাদের একটু ভুল ত্বক করে দেয় নিস্তেজ, নিষ্প্রাণ। আবার অনেক সময় অতিরিক্ত রূপচর্চার ফলেও এটি হতে হবে। চলুন জেনে নেই কোন ভুলগুলোর কারণে ত্বকের ক্ষতি হয়-
১. ত্বকের ধরন না বোঝা
ত্বক পরিচর্যার মূলমন্ত্র হলো নিজের ত্বককে চেনা। শুষ্ক, তৈলাক্ত না মিশ্র—ত্বকের ধরন অনুযায়ী যত্ন না নিলে সমস্যা আরও বাড়ে। মুখ ধোয়ার পর টানটান ভাব বা চুলকানি এলে বুঝবেন ত্বক শুষ্ক। আবার মুখে বারবার তেল জমলে সেটি তৈলাক্ত ত্বক। ভুল প্রোডাক্ট ব্যবহার করলে ত্বক তার প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে ফেলে, দেখা দেয় ব্রণ, চুলকানি, র্যাশসহ নানা সমস্যা।
২. মেকআপ না তুলে ঘুমানো
অনেকেই ক্লান্তিতে মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েন, এটি সবচেয়ে ক্ষতিকর অভ্যাসগুলোর একটি। মেকআপের রাসায়নিক ও ধুলোবালি সারারাত ত্বকে জমে থেকে ছিদ্র বন্ধ করে দেয়, ফলে হয় ব্রণ, ব্ল্যাকহেডস ও ত্বক শুষ্কতা। তাই ঘুমানোর আগে ক্লিনজার বা মেকআপ রিমুভার দিয়ে মুখ পরিষ্কার করা একেবারে আবশ্যক।
৩. সানস্ক্রিন না মাখা
মেঘলা দিন হোক বা শীতকাল, সানস্ক্রিন ছাড়া বাইরে যাওয়া মানেই ত্বককে ঝুঁকিতে ফেলা। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের কোলাজেন নষ্ট করে দেয়, ফলে ত্বক কালচে হয়ে যায় এবং সময়ের আগেই বয়সের ছাপ পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, দিনে অন্তত দুবার SPF ৩০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
৪. অপর্যাপ্ত ঘুম
ঘুম শুধু শরীর নয়, ত্বকেরও ওষুধ। নিয়মিত ঘুমের অভাবে চোখের নিচে কালি পড়ে, ত্বক ক্লান্ত দেখায়। রাতে ৭-৮ ঘণ্টা ভালো ঘুম শরীরের টক্সিন দূর করে এবং ত্বকের কোষ পুনর্গঠনে সহায়তা করে। তাই নির্ভেজাল ঘুমই হতে পারে আপনার ত্বকের প্রাকৃতিক গ্লো-এর রহস্য।
৫.পর্যাপ্ত পানি পান না করা
ডিহাইড্রেশন এজিং সাইন নিয়ে আসার আরেকটি বড় কারণ। ত্বকের আর্দ্রতা কমে গেলে তা রুক্ষ, খসখসে ও প্রাণহীন দেখায় এবং ত্বকে দ্রুত বলিরেখা নিয়ে আসে।