জাতীয়
শনাক্ত মৃতদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর, অন্যথায় ডিএনএ টেস্ট
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় নিশ্চিত করা যাবে, তাদের মৃতদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অজ্ঞাতনামা মৃতদের পরিচয় শনাক্তে করা হবে ডিএনএ পরীক্ষা।
সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং তাদের চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সোমবার দুপুর ১টার পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। বিমানটি সরাসরি একটি একাডেমিক ভবনে বিধ্বস্ত হয়, যেখানে সে সময় বহু শিক্ষার্থী উপস্থিত ছিল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বিমান ও ভবনে, ফলে হতাহতের সংখ্যা দ্রুত বেড়ে যায়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কাজ শুরু করে। এরপর বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও অভিযানে অংশ নেয়। আহতদের দ্রুততা সহকারে হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রাত ৮টার দিকে জানায়, এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ১৭১ জন। নিহতদের মধ্যে শিক্ষার্থী, স্কুলের কর্মী এবং বিমানবাহিনীর সদস্য রয়েছেন বলে জানা গেছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। ইতোমধ্যে দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজ, বিমানের ব্ল্যাকবক্স এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ শুরু হয়েছে।