জাতীয়
আগামী জাতীয় নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা মোতায়েন হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে। একই সঙ্গে পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, দেশে বর্তমানে আইন-শৃঙ্খলার যে পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতিতে আগামী নির্বাচন করা সম্ভব। তিনি বলেছেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব দলকেও সহযোগিতা করতে হবে।
সোমবার ঢাকা-৩ আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।
তিনি আরও জানান, পূর্বে প্রতিটি ভোটকেন্দ্রে দুইজন আনসার সদস্য দায়িত্বে থাকলেও এবার প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য অতিরিক্ত একজন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হবে।
গণমাধ্যমের ভূমিকাও তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের গণমাধ্যমের সঠিক কাজের কারণে প্রতিবেশী অনেক দেশের ভুয়া সংবাদ প্রচার বন্ধ হয়েছে।
প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগেই ঘোষণা দিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে, রমজানের আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।