জাতীয়

তিন মন্ত্রণালয়ে এক বছরে ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয়: জ্বালানি উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৬:৩৩ পিএম

তিন মন্ত্রণালয়ে এক বছরে ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয়: জ্বালানি উপদেষ্টা
উপদেষ্টা ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, দুর্নীতি ও অপচয় কমিয়ে এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার ফলে গত এক বছরে সড়ক পরিবহন, জ্বালানি ও রেল—এই তিন মন্ত্রণালয়ে ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে। শুধু জ্বালানি আমদানি খাতেই সাশ্রয় হয়েছে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় চট্টগ্রাম-নারায়ণগঞ্জ পাইপলাইনের মাধ্যমে সরাসরি জ্বালানি তেল পরিবহণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ফাওজুল কবির খান বলেন, দেশের উন্নয়নের অন্যতম বড় বাধা দুর্নীতি, অপচয় ও প্রকল্প বাস্তবায়নে বিলম্ব। সঠিক পরিকল্পনা ও সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব।

২০১৬ সালে শুরু হওয়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এই পাইপলাইন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালে। তবে তিন দফা সময় বাড়িয়ে শেষ হয়েছে চলতি বছরের মার্চে। এতে প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৮৩৮ কোটি টাকা।

চট্টগ্রামের পতেঙ্গা গুপ্তখাল থেকে শুরু হওয়া পাইপলাইন ফেনী, কুমিল্লা, চাঁদপুর ও মুন্সিগঞ্জ হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় গিয়ে শেষ হয়েছে। এর মধ্যে ২২টি নদীর তলদেশ অতিক্রম করেছে পাইপলাইনটি। এছাড়া নির্মাণ করা হয়েছে ৯টি মিড-স্টেশন, ৪টি পাম্প হাউস এবং ২১ হাজার টন ধারণক্ষমতাসম্পন্ন একটি ডিপো।

নতুন এ প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহণে সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা, যেখানে আগে সময় লাগত প্রায় ৪৮ ঘণ্টা। এতে ৩৬ ঘণ্টা সময় সাশ্রয়ের পাশাপাশি পরিবহণ ব্যয়ও উল্লেখযোগ্য হারে কমবে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিতে সামগ্রিক পরিকল্পনা গ্রহণ জরুরি।