জাতীয়
নির্বাচনকে সামনে রেখে সিইসির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের প্রতিনিধি দল।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক শুরু হয়। দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা ও নতুন প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি বিশেষ প্রকল্পের বিষয়েও আলোচনা হতে পারে।
নির্বাচন কমিশন কর্মকর্তারা জানান, ইউরোপীয় ইউনিয়ন আগামী জাতীয় নির্বাচনের পর্যবেক্ষণসহ নতুন প্রকল্প ও অন্যান্য বিষয় নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে।
এর আগে, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসার কথা রয়েছে।
এই বৈঠক ত্রয়োদশ জাতীয় নির্বাচনের স্বচ্ছতা ও পর্যবেক্ষণ ব্যবস্থার প্রস্তুতি প্রক্রিয়াকে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।