জাতীয়
বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানি করা হচ্ছে : খাদ্য উপদেষ্টা
দেশে চাহিদার চেয়ে বেশি চাল উৎপাদন হলেও বাজার স্থিতিশীল রাখার স্বার্থে আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার খাদ্যবিষয়ক উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
তিনি বলেন, “চাল শুধু মানুষই খায় না—হাঁস-মুরগি, গরু ও মাছও চাল খায়। তাই বাজারে চাপ তৈরি হয়। দাম কিছুটা বেড়েছে বটে, তবে এখনও সহনীয় পর্যায়েই রয়েছে। সরকার প্রতি কেজি চাল উৎপাদনে ২০ থেকে ২৫ টাকা ভর্তুকি দিয়ে থাকে।”
বুধবার (২০ আগস্ট) দুপুরে দিনাজপুর সার্কিট হাউজে জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
খাদ্য উপদেষ্টা আরও বলেন, লাইসেন্স ও অনুমতি ছাড়া কেউ খাদ্য মজুত করলে বা চাল সিন্ডিকেট গড়ে তুললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধেও অনিয়মের কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশের ৫৫ লাখ মানুষ টানা ছয় মাস প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। এর মধ্যে শুধু রংপুর বিভাগের সুবিধাভোগীর সংখ্যা সাড়ে ৯ লাখ। দিনাজপুরেও শতভাগ ধান-চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে।
উপদেষ্টা বলেন, “আমরা যখন ধান-চাল সংগ্রহ করছিলাম তখন বাজারে দাম বেড়েছিল। এখন সংগ্রহ শেষ হয়েছে। আমরা বাজারে চাল ছাড়ছি এবং আমদানির অনুমোদনও দিয়েছি। ইতোমধ্যে আমদানি করা চাল আসতে শুরু করেছে। আশা করি বাজার সহনীয় পর্যায়েই থাকবে।”
সভায় রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছনাত হুমায়ুন কবীর। এছাড়া রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকরা উপস্থিত ছিলেন।