জাতীয়
ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় ‘অবিলম্বে’ বন্ধ করতে বলল বাংলাদেশ
ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় বাংলাদেশে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যালয় স্থাপনের খবরে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ভারত সরকারকে বিষয়টি দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (২০ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশ স্পষ্ট করে জানায়, ভারতের মাটিতে নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা বাংলাদেশ সরকারের নজরে এসেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এসব কার্যালয় থেকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালানো হচ্ছে, যা দেশের স্বার্থের পরিপন্থী এবং ভারতের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি হতে পারে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও বাংলাদেশে ফৌজদারি মামলায় পলাতক বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা বর্তমানে ভারতেই অবস্থান করছেন। সম্প্রতি, ২১ জুলাই দিল্লি প্রেসক্লাবে একটি এনজিওর ছদ্মাবরণে দলটির কয়েকজন নেতা সংবাদমাধ্যমে প্রচারপত্র বিতরণ করেন, যা ভারতীয় সংবাদমাধ্যমেও প্রতিবেদন আকারে উঠে এসেছে।
বাংলাদেশ মনে করে, ভারতের মাটিতে বসে এ ধরনের রাজনৈতিক তৎপরতা চালানো বাংলাদেশের জনগণের প্রতি অবমাননার শামিল। একইসঙ্গে, এটি দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে আহ্বান জানিয়েছে, যেন বাংলাদেশের নাগরিকদের দ্বারা ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালিত না হয়, এবং ভারতে স্থাপিত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো অবিলম্বে বন্ধ করা হয়।