জাতীয়

এবার পূজা উপলক্ষে মদ-গাঁজার আসর বসানো যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম

এবার পূজা উপলক্ষে মদ-গাঁজার আসর বসানো যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে কঠোর অবস্থান নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন—পূজার মেলায় এবার কোনোভাবেই মদ-গাঁজার আসর বসতে দেওয়া হবে না।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

উপদেষ্টা জানান, পূজামণ্ডপ ঘিরে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ ব্যবস্থা থাকবে। আনসার সদস্যদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরাও দায়িত্বে থাকবেন। দিনে তিনজন ও রাতে চারজন করে পাহারায় থেকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করবেন।

তিনি আরও বলেন, পূজা চলাকালে যে মেলা বসে সেখানে নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে কড়া নজরদারি করবে।

একই সঙ্গে তিনি নতুন চালু হওয়া ‘অ্যাপ’ ব্যবহারের নির্দেশনা দেন, যেখানে যেকোনো ঘটনা সঙ্গে সঙ্গে জানানো যাবে এবং তার সত্যতা যাচাই করা হবে।

দেশের সীমান্তবর্তী অঞ্চলে বিজিবি দায়িত্বে থাকবে, আর সারাদেশে আনসার নিয়োগ করা হবে বলে তিনি জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এ বছর সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ঢাকায় প্রতিমা বিসর্জনে এক লাইনে শৃঙ্খলার মধ্য দিয়ে ক্রমানুসারে বিসর্জন দেওয়া হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “গতবারের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা আয়োজন কমিটিও কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি।”