জাতীয়
ব্যক্তিগত অ্যাকাউন্টে ১৫১ কোটির লেনদেন! রাজউকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
দুদক জানায়, চেয়ারম্যান থাকার সময় ছিদ্দিকুর রহমান সরকার ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৩৬ কোটি ১৫ লাখ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
এছাড়াও তার ব্যক্তিগত ৩৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৫১ কোটি টাকার বেশি এবং তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা আরও ১৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৬ কোটিরও বেশি লেনদেন হয়েছে। সব মিলিয়ে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৭৭ কোটি ৫৮ লাখ টাকা।
দুদক বলছে, এই বিপুল অর্থ দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত হয়ে থাকতে পারে এবং এগুলোর উৎস গোপন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন মাধ্যমে স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে। যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।