জাতীয়
জাতীয় নির্বাচন পরিচালনায় সহযোগিতায় প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ: আখতার আহমেদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি চলাকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে।
রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, কমনওয়েলথভুক্ত মোট ৫৬টি দেশ আসন্ন জাতীয় নির্বাচন পরিচালনায় বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, “আমরা তাদের সহযোগিতা স্বাগত জানাই। আশা করছি, এবারের নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং অংশগ্রহণমূলক। কমনওয়েলথ মহাসচিব আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা যে কোনো সহায়তা চাইলে তাদের ৫৬ সদস্য রাষ্ট্র সহায়তায় অঙ্গীকারবদ্ধ।”
জ্যেষ্ঠ সচিব আরও জানান, যুক্তরাজ্য নির্বাচন প্রস্তুতিতে বাংলাদেশকে সহযোগিতা করছে-এ বিষয়টি জেনে কমনওয়েলথ মহাসচিব সন্তোষ প্রকাশ করেছেন।
নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কেও বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে আখতার আহমেদ বলেন, “আমরা দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতিকে তিনটি জোন-রেড, ইয়েলো ও গ্রিন-এ ভাগ করে ব্যবস্থাপনা নেব। কোন এলাকায় কী ধরনের নিরাপত্তা প্রয়োজন তা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আলোচনা শেষে কমনওয়েলথ মহাসচিব নির্বাচন কমিশনের প্রস্তুতি, সক্ষমতা ও পরিকল্পনার ওপর আস্থা ও আশাবাদ ব্যক্ত করেন বলে জানান ইসি সচিব।