জাতীয়

আইনশৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ বৈঠক আজ নির্বাচন কমিশনে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:২১ এএম

আইনশৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ বৈঠক আজ নির্বাচন কমিশনে
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ বৈঠক করবে। বৈঠকটি তফসিল ঘোষণার আগে নির্বাচন নিরাপত্তা ও প্রস্তুতিমূলক কর্মকৌশল নির্ধারণের উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, সকাল সাড়ে ১০টায় কমিশনের সম্মেলন কক্ষে এই আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শুরু হবে। সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করবেন। এছাড়া চারজন নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব ও সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা বৈঠকে অংশ নেবেন।

সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন কর্মকৌশল নির্ধারণ করা হবে। এছাড়া ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা বাহিনী কতদিন মাঠে দায়িত্বে থাকবে এবং প্রতিটি ভোটকেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত থাকবে, সেই বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

এবারের নির্বাচনে ৭ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোট নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ভোটকেন্দ্রের দায়িত্বে আনসার-ভিডিপির সংখ্যা প্রায় সাড়ে ৫ লাখ। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ৯০ হাজারের বেশি। নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু ও নিরাপদ রাখার জন্য পুলিশ, র‍্যাব, বিজিবি ও কোস্টগার্ডসহ অন্যান্য বাহিনীও দায়িত্ব পালন করবে।

নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আজকের বৈঠক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।