জাতীয়
বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটের কূটনৈতিক কার্যক্রমের শাখা, দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস), মঙ্গলবার তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ কর্তৃপক্ষের আমন্ত্রণের প্রেক্ষিতে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা ক্যালাস আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিনিধি দলের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে ইউরোপীয় সংসদের সদস্য ইভারস ইজাবসকে।
প্রধান পর্যবেক্ষক ইজাবস জানান, “বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে ইইউ মিশনের নেতৃত্বে নিয়োজিত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এই পর্যবেক্ষণ নির্বাচনী প্রক্রিয়ার একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন তুলে ধরবে। এটি বাংলাদেশের জনগণ এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি তাদের আকাঙ্ক্ষার প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের একটি বাস্তব উদাহরণ।”
এর আগে ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নকে সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানায়। ইসি চিঠিতে জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়াকে সর্বোচ্চ মানের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সততা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
চিঠিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন উল্লেখ করেন, ত্রয়োদশ সংসদীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ইইউর নির্বাচনী পর্যবেক্ষক মিশন উপস্থিত থাকার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া ও ফলাফলের প্রতি জনসাধারণের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।