জাতীয়
তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অংশ নিতে নির্বাচন ভবনে উপস্থিত হন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
নির্বাচন কমিশন সূত্র জানায়, বৈঠকের আলোচ্য সূচির মধ্যে রয়েছে—নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনীর কার্যক্রম, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণবিধি-২০২৫ যথাযথভাবে প্রতিপালন এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়।
এদিকে, একই দিন দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সংক্রান্ত আরেকটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ওই বৈঠকে চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে এবার ভোটের আগে ও পরে মোট পাঁচ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী ভোটের আগে ৯ ফেব্রুয়ারি থেকে ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, তফসিল ঘোষণার আগে দুই দফা এবং তফসিল ঘোষণার পর বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনায় আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বিষয়ক একটি বিশেষ পরিপত্র জারি করে।
নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং শান্তিপূর্ণ ভোট আয়োজনের লক্ষ্যে এসব বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।