জাতীয়
প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিন আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির আজ সপ্তম দিন। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টায় নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এ সময় ৪৮১ থেকে ৫১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আপিল শুনানির ষষ্ঠ দিনে নির্বাচন কমিশন মোট ১০৪টি আবেদনের ওপর সিদ্ধান্ত দেয়। এর মধ্যে ৬০টি আবেদন মঞ্জুর করা হয়, ৩৪টি আবেদন নামঞ্জুর করা হয় এবং ১০টি আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়। ষষ্ঠ দিনের শুনানি সকাল ১০টায় শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানির প্রথম দিনে ৭০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫২টি আবেদন বৈধ ঘোষণা করা হয়, ১৫টি আবেদন বাতিল করা হয় এবং ৩টি আবেদন স্থগিত রাখা হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পর্যন্ত অনুষ্ঠিত শুনানিতে মোট ৩৩৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একই সময়ে ১১৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর বা বাতিল করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৩৩টি আবেদন অপেক্ষমাণ রয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধারাবাহিকভাবে বাকি আপিলগুলোর শুনানি সম্পন্ন করা হবে। এতে দ্রুত সময়ের মধ্যেই প্রার্থিতা সংক্রান্ত সব আপিল নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেছে কমিশন।